সোমবার থেকে মিরপুর ১০ ও আগারগাঁও স্টেশনেও মিলবে শাটল বাসের র‍্যাপিড পাস

৫ নভেম্বর, ২০২৩ ১২:২১  

মেট্রোরেল মতিঝিলে বর্ধিত হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে র‌্যাপিড পাস বিক্রি। পাস বিক্রির সঙ্গে বাড়ানো হচ্ছে র‍্যাপিড পাস বিক্রির লোকেশনও। মতিঝিল ও দিয়াবাড়ির পর সোমবার থেকে যুক্ত হচ্ছে মিরপুর ১০ ও আগারগাঁও স্টেশনও।

এই তথ্য দিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি ট্রান্সপোর্ট প্লানার ধ্রুব আলম। তিনি জানিয়েছেন, প্রথমদিনই রবিবার (৫ নভেম্বর) মতিঝিল আর দিয়াবাড়িতে ১০০টি র‍্যাপিড পাস বিক্রি করেছে । এর মধ্যে ৫০টা বিক্রি হয়েছে ৩০ মিনিটে। সোমবার (৬ নভেম্বর) থেকে ২৫০টি করে পাসন বিক্রি করা হবে।

এর আগে মেট্রোরেল কেন্দ্রিক যাত্রী টানতে বুধবার উত্তরা (হাউজ বিল্ডিং) থেকে দিয়াবাড়ি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চালু করেছে শাটল বাস। ওইদিনই উত্তরা (হাউজ বিল্ডিং) ও দিয়াবাড়ি এমআরটি স্টেশনে দুইটি অস্থায়ী টিকিট কাউন্টারের উদ্বোধন করেন ডিটিসিএ-র নির্বাহী পরিচালক সাবিহা পারভীন।

প্রসঙ্গত, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। গত বছরের ২৮ ডিসেম্বর এ পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল চলতি সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। এমআরটি লাইন-৬ প্রকল্পের সর্বোমোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা ও সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।